রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে সতর্ক করল জামায়াতসহ আট রাজনৈতিক দল


প্রকাশ :

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে কঠোর সতর্কবার্তা দিয়েছে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। তারা বলেছে, সরকার যদি গণভোট পিছিয়ে জাতীয় নির্বাচনের দিন করার চেষ্টা করে, তাহলে আগামী ১১ নভেম্বর ঢাকার জনসভা থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কার্যালয়ে আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বৈঠকে জানানো হয়, জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে। বিএনপি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের পক্ষে থাকলেও জামায়াতসহ আট দল বলছে, নির্বাচন আগে গণভোট না হলে সেটির উদ্দেশ্য ব্যর্থ হবে।

অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার আহ্বান জানালেও বিএনপি এখনই তাতে অংশ নিতে অনিচ্ছুক। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বিএনপি চাইলে তারা আলোচনায় বসতে প্রস্তুত।

বৈঠকে পাঁচ দফা দাবি তুলে ধরে ১১ নভেম্বরের ঢাকা জনসভা সফল করার প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।

আট দলের দাবি:

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সরকারি আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন,

২. জাতীয় নির্বাচনে উচ্চকক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু,

৩. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা,

৪. আগের সরকারের সময় সংঘটিত নিপীড়ন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,

৫. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির শীর্ষ নেতারা।