ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথগ্রহণের মধ্য দিয়ে নতুন সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শপথের পর নতুন সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন আবদুল আউয়াল মিন্টু।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল প্রায় পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ শেষে সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সদস্যরা শপথ নেন। পরে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদেরও পর্যায়ক্রমে শপথ পড়ানো হয়। এদিন দুপুরে জামায়াত জোটের সদস্যরাও শপথ সম্পন্ন করেন।
ফেনী-৩ আসন থেকে নির্বাচিত আবদুল আউয়াল মিন্টু দীর্ঘদিন ধরে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যুক্ত এবং দলের নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখছেন। নতুন মন্ত্রিসভায় তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শপথ অনুষ্ঠানের পর বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন বলে জানা গেছে।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হয়েছেন।