আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, সচিবালয়ে বসে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) ভাগাভাগি চলছে, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঝালকাঠির ফাতেমা কনভেনশন সেন্টারে এনসিপি আয়োজিত এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “ডিসি, এসপি, ইউএনও, ওসিদের যারা রেফারির ভূমিকা পালন করার কথা, তাদের এখন খেলোয়াড় বানিয়ে মাঠে নামানোর চেষ্টা চলছে। এই প্রবণতা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছায় নয়, নীতির ভিত্তিতে পরিচালিত হতে হবে। অন্তর্বর্তী সরকারকেও অবশ্যই নিরপেক্ষ অবস্থান নিতে হবে, কারণ জনগণ এখন সুষ্ঠু ভোটের অপেক্ষায় আছে।”
তিনি মনে করেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন শুধু সরকারের দায়িত্ব নয়; রাজনৈতিক দলগুলোকেও নিজেদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে যেন জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী সাঈদ মূসা এবং ঝালকাঠি জেলা সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না উপস্থিত ছিলেন।