রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ রাজনীতি

জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলো এনসিপি


প্রকাশ :

ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সনদটি বাস্তবায়নের বিষয়ে নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এনসিপি এতে স্বাক্ষর করবে না।

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আমরা জুলাই সনদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। অনুষ্ঠানটি আয়োজিত হলেও এনসিপি অংশ নেয়নি। আমাদের অবস্থান সরকারের কাছেও জানিয়েছি, ঐকমত্য কমিশনের কাছেও জানিয়েছি। শুধু কাগজে স্বাক্ষর নয়—সনদটি বাস্তবে কীভাবে কার্যকর হবে, সেটিই এখন মূল প্রশ্ন।”

তিনি বলেন, “জুলাই সনদকে আমরা একটি সাংবিধানিক আদেশ হিসেবে দেখি। প্রধান উপদেষ্টারই সেই আদেশ জারি করার সাংবিধানিক ক্ষমতা রয়েছে। আমরা সেই আইনি ও রাজনৈতিক বিষয়গুলো তার সামনে তুলে ধরেছি।”

নাহিদ ইসলাম আরও জানান, নোট অব ডিসেন্টের কার্যকারিতা নিয়ে দলটির কোনো সংশয় নেই। কারণ, আলোচনায় অংশ নেওয়া সব পক্ষই মূল বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছেছে। জুলাই সনদের প্রস্তাবনাগুলো গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদ সংবিধান সংস্কারের উদ্যোগ নেবে। ঐকমত্য কমিশন এই প্রক্রিয়ায় সুপারিশ দেবে এবং সরকারের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই এনসিপি তাদের স্বাক্ষরের সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, “আমরা সরকারের কাছে আমাদের কিছু দাবি উপস্থাপন করেছি। চাই, সরকার যেন যুক্তিসংগত ও বাস্তবসম্মতভাবে জুলাই সনদ বাস্তবায়নের পথে এগিয়ে যায়।”