আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সকল অন্যায়ের বিচার এবং আওয়ামী লীগ, ছাত্রলীগসহ তাদের সকল অঙ্গসংগঠনকে নিষিদ্ধের দাবি তুলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান ফটকের সামনের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক ২০ মিনিট অবরোধ করে রাখেন তারা। পরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান।
এসময় উপদেষ্টাদের এসির বাতাস খাওয়ার জন্য ক্ষমতায় বসানো হয় নাই উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বাপ্পি বলেন, “হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। তাদের রক্তের বিনিময়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাদের রক্তের ঋণ শোধ করা আপনাদের প্রধান দায়িত্ব। আপনাদের এসির বাতাস খাওয়ার জন্য ক্ষমতায় বসানো হয় নাই। অবিলম্বে আপনারা জুলাই গণহত্যায় জড়িত সকলে বিচারের মুখোমুখি করবেন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে মাঠে নামতে আমরা একবিন্দু ও ভাববো না।”
বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী জুবায়ের শাবাব বলেন, “গণঅভ্যুত্থানের প্রায় আড়াই মাস পেরিয়ে গেছে। এখনো জুলাই বিপ্লবের যোদ্ধারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কিন্তু জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের মুখোমুখি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচের শিক্ষার্থী সোবাইব আহমেদ বলেন, “ফ্যাসিস্টদের কোনো অনুশোচনা থাকে না। আওয়ামী লীগেরও কোনো অনুশোচনা নাই।
আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আসিফ তোমার ঘুমটা একটু ভাঙাও। ভালোবাসা দিয়া তুমি ফ্যাসিস্টকে মানুষ করতে পারবা না। অবিলম্বে তাদের নিষিদ্ধ করতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার বলেন, “আমরা যে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারকে হটিয়েছি, সেই স্বৈরাচারী সরকারের পুনর্বাসনের চেষ্টা করছে একটা গোষ্ঠী। আমরা যে সরকারকে ক্ষমতায় বসিয়েছি, আজ দেখতে পারছি তারা খুনিদের বিচার না করে আমাদের নির্যাতিত ভাইদের গ্রেপ্তার শুরু করেছে। ইউনুস সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা যদি জুলাই বিপ্লবের স্পিরিট ভুলে যান, তাহলে আমরা আবার রাস্তায় নামবো। স্বৈরাচারকে যেভাবে নামিয়েছি আপনাদেরকে ক্ষমতা থেকে নামাতে আমাদের সময় লাগবে না। আপনার দপ্তরে যারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পুনর্বাসনের চেষ্টা করছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন। আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করুন।”