রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ রাজনীতি

জাতীয় পার্টিতে অন্যভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই: শামীম পাটোয়ারী


প্রকাশ :

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, চেয়ারম্যান দায়িত্ব না দিলে অন্য কোনো উপায়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই। গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানই সিনিয়র কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যান বা প্রেসিডিয়ামের কাউকে এই দায়িত্ব দিতে পারেন। বহিষ্কৃতদের ডাকা কাউন্সিল অবৈধ এবং এতে মূলধারার কেউ অংশ নেবে না বলে তিনি জানান।

শুক্রবার সকালে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৮ জুনের জাতীয় কাউন্সিলের জন্য হল বরাদ্দ না পাওয়ায় তা স্থগিত করা হয়। এরপর বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিছু সিনিয়র নেতাকে প্রেসিডিয়ামের সিদ্ধান্তে বহিষ্কার করা হয়। আদালতের আদেশে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বা মহাসচিব পদ অবৈধ ঘোষণা হয়নি, বহিষ্কৃতরাও বহিষ্কৃতই রয়েছেন। তাই তাদের সভা আহ্বান বা কাউন্সিল করার অধিকার নেই।

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিবন্ধিত দল জাতীয় পার্টিকে আলোচনায় ডাকছে না, অথচ অনিবন্ধিত দলগুলোর সঙ্গে সভা করছে। এটি লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার স্পষ্ট প্রমাণ। নির্বাচন অংশগ্রহণের জন্য নিরপেক্ষ প্রশাসন, স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিত এবং সরকারের সদিচ্ছা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

শামীম পাটোয়ারী আরও বলেন, জাতীয় পার্টি গণতান্ত্রিক দল এবং গঠনতন্ত্র মেনে পরিচালিত হচ্ছে। বহিষ্কৃতদের কার্যক্রম বেআইনি ও আদালত অবমাননার শামিল। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু পরিবেশ থাকলে আগামী ছয় মাসের মধ্যেও নির্বাচন সম্ভব।

সংবাদ সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর শিকদার লোটনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।