ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “আমরা যেভাবে একসময় ফ্যাসিস্টদের এ দেশ থেকে তাড়াতে সক্ষম হয়েছিলাম, ঠিক তেমনি ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলে চাঁদাবাজদেরও উৎখাত করা সম্ভব ইনশাআল্লাহ। বর্তমানে ফ্যাসিস্ট সরকার বদলেছে বাস্তবে শুধু ‘হাতের’ পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির ধারা একই রয়ে গেছে।”
রোববার (২২ জুন) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর আরও বলেন, “আমাদের আন্দোলন দখলদারদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য। অন্য রাজনৈতিক দলগুলোর কথায় ও কাজে মিল নেই। তাদের প্রতীকের সঙ্গে কাজের সঙ্গতিও নেই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কথা বলে, তা মার্কা ও কার্যক্রমে প্রতিফলিত হয়। এই দল যদি ক্ষমতায় আসে, দেশে এমন শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যেখানে কেউ অবৈধ কোনো চিন্তা করতেও সাহস পাবে না।”
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা সভাপতি হাফেজ আযহারুল ইসলাম। জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে ফজলুল করিম শাহরিয়া, লালমনিরহাট-২ আসনে মুফতি মাহফুজার রহমান এবং লালমনিরহাট-৩ আসনে আলহাজ মুকছেদুল ইসলামকে এমপি পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।