আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো রোডম্যাপ (পথনকশা) না আসায় ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আয়োজিত গণজমায়েত থেকে তিনি এই ঘোষণা দেন।
হাসনাত বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এখনও পর্যন্ত কোনো রোডম্যাপ পাইনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে যদি এক ঘণ্টার মধ্যে সুস্পষ্ট সিদ্ধান্ত না আসে, তাহলে আমরা যমুনার দিকে অগ্রসর হব।”
এ ঘোষণার কিছু সময় পর রাত পৌনে নয়টার দিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো ঘোষণা না আসায় তাঁরা শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে অবস্থান নিতে যাচ্ছেন। এরপর জমায়েতটি ধীরে ধীরে যমুনার দিকে অগ্রসর হয়।
ঘোষণার পর যমুনার আশপাশের এলাকায়, বিশেষ করে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করে।