রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ রাজনীতি

মিঠাপুকুরে বাসস্ট্যান্ডের আধিপত্য নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৩ জন আহত


প্রকাশ :

রংপুরের মিঠাপুকুরে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা সহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জায়গীরহাট বাসস্ট্যান্ডে লতিবপুর ইউনিয়ন বিএনপির দুই নেতারকর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।আহতরা হলেন,মিঠাপুকুর স্বেচ্ছাসেবকদল নেতা সাদেকুল ইসলাম ও বাকি দুজনের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি। এ ঘটনায় ৮ জন নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

অভিযুক্তরা হলেন, ৭নং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুল হক, ওই ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. নাজমুল হক ইমন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. আমিনুল ইসলাম, ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সদস্য মোঃ বেলায়েত হোসেন, সদস্য মো. সিরাজুল ইসলাম মন্ডল সেরাই, সদস্য মোঃ নুর আলম তুহিন ও সদস্য মোঃ সাইফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, জায়গির বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও বিভিন্ন বিষয় নিয়ে ৭ নম্বর লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ফজলু ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মধ্যে দীর্ঘদিন থেকে  কোন্দল চলছিল। রাতে একটি মিছিল করার জন্য জাহাঙ্গীর আলম তার কর্মীদের নিয়ে জায়গীরহাট ওভার ব্রিজের পূর্ব দিকে অবস্থান নিয়ে মিছিল করেন। মিছিল শুরু হওয়ার কিছুক্ষণ পর ফজলুল হক ফজলুর অনুসারীদের সঙ্গে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয় একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। ঘণ্টাব্যাপী চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ওই এলাকাসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। এসময় ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানচলাচল স্বাভাবিক হয়।

মিঠাপুকুরের লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের অভিযোগ, মিছিলে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে ফজলু এবং তার লোকজন। তিনি দলের নেতাকর্মীদের বিভক্ত করতে চাইছেন।

লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ফজলু জানান, বিএনপির দুঃসময়ে দল পরিবর্তন করে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে সুবিধা নিয়েছেন জাহাঙ্গীর আলম। ৫ আগস্টের পর খোলস পাল্টিয়ে দলে ভিড়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন।

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু বলেন, বাসস্ট্যান্ড নিয়ে মোটর শ্রমিকদের মাঝে দীর্ঘদিনের অন্তঃকোন্দল থেকেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অতি উৎসাহী বিএনপির কেউ জড়িত থাকলে, বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

রংপুরের মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, বাসস্ট্যান্ডে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ কেউ করেনি। অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।