রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ রাজনীতি

জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা অসম্ভব: দুলু


প্রকাশ :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, “জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া সুষ্ঠুভাবে দেশ পরিচালিত হতে পারে না।”  

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমরা আশা করি, সরকার দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ সমাপ্ত করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পাবে। একটি রাজনৈতিক সরকারের দায়িত্ব হলো দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, জনগণকে সংগঠিত করা এবং সার্বিক উন্নয়নের নেতৃত্ব দেওয়া।”  

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এ সময় তিনি আরও বলেন, “ছাত্র আন্দোলনের মাধ্যমে বিএনপির মূল দাবি ছিল সংস্কার করে শান্তিপূর্ণ ও অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। যতদিন পর্যন্ত এ ধরনের নির্বাচন অনুষ্ঠিত না হবে, ততদিন দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে না।”  

অনুষ্ঠানে লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

এই দিনে রংপুর মহানগর বিএনপির একাদশ ও ঠাকুরগাঁও জেলা বিএনপির একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ২ গোলের ব্যবধানে রংপুর মহানগর বিএনপি জয় লাভ করে।  খেলা দেখতে লক্ষাধিক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।  

শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর। তবে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তিনি অংশগ্রহণ করেন।