বিএনপির স্থায়ী কমিটি’র সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে সম্মিলিত ভাবে এ যাত্রায় আমাদের জয়ী হতে হবে। শেখ হাসিনা স্বৈরশাসক ছিলেন, জনগণের উন্নয়নের জন্য নয় নিজের ও নিজ দলের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। তাই তাকে জনগণ বিতারিত করেছে। শেখ হাসিনা পলায়ন করেছে- এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মঙ্গলবার ৫ম দিনের ফুটবল টুর্নামেন্টে এসে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
তিনি আরো বলেন, এখন দেশে বিশাল পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন আমাদের ধারণ করতে হবে। আমরা যদি ধারণ করতে পারি যে স্বপ্নের বাংলাদেশের কথা আমরা ভাবছি সেটা আমরা করতে পারবো।
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও টুর্নামেন্টের আহ্বায়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। আজকের খেলা দিনাজপুর ও পঞ্চগড় জেলার মধ্যে অনুষ্ঠিত হয়।