বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে


প্রকাশ : (৪ ঘন্টা আগে)
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। কোনো অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

এ আসনের নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ রয়েছে। নির্বাচনের আগে আচরণবিধি লঙ্ঘন ও প্রশাসনের পক্ষপাতিত্বসহ নয় দফা অভিযোগ নির্বাচন কমিশনে জমা দেয় জামায়াতে ইসলামী। দলটি ১৯৯৪ সালের মাগুরা-২ আসনের উপনির্বাচনের উদাহরণ টেনে সুষ্ঠু ভোট নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি পর্যায়ে নজরদারি নিশ্চিত করা, কেন্দ্র দখল ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ঠেকানো এবং অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। জোটটি সেনা মোতায়েনসহ চার দফা দাবিও তুলেছে।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কমিশন ভবনে মনিটরিং সেল গঠন করা হয়েছে। বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ভোটকেন্দ্র ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বডি ক্যামেরা, সিসি ক্যামেরা এবং বিজিবির ড্রোনের মাধ্যমেও নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ নির্বাচনে ১৮৫টি কেন্দ্রে ৯৮৯টি ভোটকক্ষে ভোটগ্রহণ হচ্ছে। ভোট পরিচালনায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা মিলিয়ে দায়িত্ব পালন করছেন ৩ হাজার ১৫২ জন।

নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি, পুলিশের ২ হাজার ২৭২ সদস্য, আনসারের ২ হাজার ৪৬৫ সদস্য এবং এসআরবির ২৫১ সদস্য দায়িত্বে রয়েছেন। নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে।

এদিকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ২৯৫ জন আবেদন করেছিলেন। এর মধ্যে ২৮৯টি আবেদন অনুমোদন এবং ছয়টি বাতিল হয়েছে। অনুমোদিত আবেদনের মধ্যে ২৯টি এসেছে প্রবাস থেকে।

এ উপনির্বাচনে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়া নির্বাচন কমিশনের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। ভোটের পরিবেশ ও অভিযোগের বিষয়ে কমিশনের তৎপরতার ওপর রাজনৈতিক দলগুলোর নজর রয়েছে।

বিজ্ঞাপন