সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

বিএনপি সরকারও আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান


প্রকাশ : (১২ ঘন্টা আগে)
বিএনপি সরকারও আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মতোই বর্তমান বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, ক্ষমতায় আসার পর গত সাত মাসে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করেছে সরকার। বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হওয়ায় এখন থেকে সরকার নয়, দেশের ১৮ কোটি মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় এসব কথা বলেন শফিকুর রহমান। আমার বাংলাদেশ (এবি) পার্টি এ অনুষ্ঠানের আয়োজন করে।

শফিকুর রহমান বলেন, ক্ষমতায় যাওয়ার পর বিএনপি তাদের অতীত অবস্থান ভুলে গেছে। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি ও জামায়াতের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও গণভোটের প্রশ্নে দুই দলের অবস্থানে মিল ছিল। জামায়াত চেয়েছিল, গণভোট আগে অনুষ্ঠিত হোক। তবে বিএনপি একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের পক্ষে অবস্থান নেয়।

তিনি অভিযোগ করেন, সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপির সদস্যরা সংসদ পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তাঁর মতে, ওই সময় থেকেই বিএনপির আচরণে পরিবর্তন দেখা যায়।

বিরোধীদলীয় নেতা বলেন, বিএনপি এখন পাঁচ বছরের জন্য জনগণের ম্যান্ডেট পাওয়ার কথা বলছে। কিন্তু গণভোটের রায় যথাযথভাবে মূল্যায়ন করা হলে বিরোধী দলকে সংসদের বাইরে আন্দোলনে যেতে হতো না। সরকারের সিদ্ধান্তই বিরোধী দলকে আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্যদের বিশেষ বরাদ্দ নিয়েও বৈষম্যের অভিযোগ তোলেন শফিকুর রহমান। তিনি বলেন, সরকারি দলের ২০৮টি আসনে বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের কোনো সংসদ সদস্য তা পাননি। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তা পূরণ হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। এমনকি মহিষের ওপরও কর আরোপ করা হয়েছে বলে উল্লেখ করেন জামায়াত আমির।

তিনি বলেন, জনগণের ভোটে বিরোধী দলে থাকা জামায়াতের সংসদ সদস্যরা দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করবেন। বিএনপি অবস্থান পরিবর্তন করলেও জামায়াত তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি থেকে সরে আসবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিও আদায় করা হবে বলে জানান তিনি।

সরকারের বিরুদ্ধে ‘নব্য ফ্যাসিবাদী’ আচরণের অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, বিভিন্ন প্রলোভন উপেক্ষা করে জামায়াত তাদের অবস্থানে অটল রয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থান তাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণা। তিনি বলেন, জামায়াত সরকারের পতন নয়, বরং সরকারের সফলতা চেয়েছিল, কারণ সরকারের সফলতা দেশের সফলতার সঙ্গে সম্পর্কিত।

বক্তব্যের শেষ দিকে সরকারকে সহযোগিতা করার অবস্থান থেকে সরে আসার ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন, সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে। তাই এখন থেকে জামায়াত দেশের ১৮ কোটি মানুষের পাশে থেকে কাজ করবে।

সূত্র: ইত্তেফাক

বিজ্ঞাপন