রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ অন্যান্য

ওমরাহ ভিসার নতুন নিয়ম ঘোষণা করল সৌদি আরব, মেয়াদ হবে এক মাস


প্রকাশ :

ওমরাহ ভিসার মেয়াদ ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তন এনেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, ওমরাহ করতে ইচ্ছুক ব্যক্তি যদি ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশে নিবন্ধন না করেন, তাহলে তার ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে

একই সঙ্গে ওমরাহ ভিসার এন্ট্রি মেয়াদ আগের তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে। তবে সৌদি আরবে প্রবেশের পর ওমরাহ পালনকারী আগের মতোই সর্বোচ্চ তিন মাস সেখানে অবস্থান করতে পারবেন—এমন তথ্য জানিয়েছে আল অ্যারাবিয়া।

নতুন নিয়ম আগামী সপ্তাহ থেকে কার্যকর হচ্ছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসা ব্যবস্থাপনা সহজ করা ও ওমরাহ করতে আগ্রহীদের প্রবেশ প্রক্রিয়া আরও সুশৃঙ্খল রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সৌদি জাতীয় কমিটির ওমরাহ ও ভ্রমণ বিষয়ক উপদেষ্টা আহমেদ বাজায়েইফা বলেছেন, গ্রীষ্ম শেষ হয়ে ঠাণ্ডা আবহাওয়া শুরু হলে মক্কা-মদিনায় ওমরাহযাত্রীদের চাপ উল্লেখযোগ্যভাবে বাড়বে। সেই ভিড় নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ওমরাহ মৌসুম (জুনে শুরু) থেকে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি ওমরাহ ভিসা ইস্যু করা হয়েছে—যা গত কয়েক বছরের মধ্যে অন্যতম রেকর্ড সংখ্যা।

এর আগে, গত মাসে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, এখন থেকে সব ধরনের ভিসাধারী—ব্যক্তিগত, পারিবারিক, ইলেকট্রনিক, ভ্রমণ, ট্রানজিট বা চাকরির ভিসা নিয়েও—ওমরাহ পালন করতে পারবেন।

সৌদি প্রেস এজেন্সি জানায়, দেশটির ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে ওমরাহ ও হজ প্রক্রিয়াকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সরকার ‘নুসুক’ ওমরাহ প্ল্যাটফর্ম ব্যবহারের ওপরও জোর দিয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভ্রমণকারীরা প্যাকেজ বুকিং, ইলেকট্রনিক অনুমোদন সংগ্রহ ও সময় নির্ধারণসহ নানা সেবা নিতে পারবেন।

মন্ত্রণালয়ের দাবি, বিশ্বব্যাপী মুসলমানদের জন্য ওমরাহ পালন সহজ করা এবং সৌদি আরবে প্রবেশ প্রক্রিয়াকে আরও সমন্বিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই নতুন নিয়ম চালু করা হয়েছে।