মানুষের অন্তর সৃষ্টিকর্তার এক ব্যতিক্রমী সৃষ্টি। এটি কখনো অশান্ত হয়ে ওঠে, আবার কখনো পরম শান্ত হয়ে থাকে। শরীরের শক্তির জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি অন্তরেরও খাদ্যের প্রয়োজন রয়েছে। একই দেহ-কাঠামোর ভেতরে দুই ধরনের খাদ্যের চাহিদা বিদ্যমান। সাধারণভাবে বিষয়টি পুরোপুরি বোধগম্য না হলেও মানুষের জন্য উভয় খাদ্য গ্রহণ আবশ্যক। তা না হলে শরীর বেঁচে থাকলেও অন্তর মরে যায়; আবার কখনো শরীর ও অন্তর উভয়ই নিস্তেজ হয়ে পড়ে।
শরীরের খাদ্য সারা পৃথিবীতে প্রায় একই রকম হলেও অন্তরের খাদ্য ভিন্ন ভিন্ন। কে যে কোন মাধ্যম বা খাবারের দ্বারা অন্তরের প্রশান্তি অর্জন করে, তা বলা বড় মুশকিল। তবে আধ্যাত্মিক অভিজ্ঞতায় দেখা যায়, অন্তরের প্রশান্তি লাভের জন্য শরীরের খাদ্য বা ভোগ-বিলাস কিছুটা সংযত রাখা অধিক উপকারী।
ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠানে আত্মিক প্রশান্তি এমনিতেই পাওয়া যায়।অন্তরের প্রশান্তি লাভের জন্য প্রতিটি ধর্মেই নিজস্ব আধ্যাত্মিক উপাদান ও উৎসব রয়েছে। যেমন
• ইসলাম ধর্ম: মুসলমানদের জন্য রয়েছে রোজা, ঈদ, হজ, জাকাত এবং দান-সদকার মতো প্রশান্তির ইবাদত বা কাজ।
• হিন্দু ধর্ম: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর মধ্যে রয়েছে দুর্গাপূজা, দীপাবলি (কালীপূজা), জন্মাষ্টমী, হোলি বা দোলযাত্রা, সরস্বতী পূজা (বসন্ত পঞ্চমী), মহাশিবরাত্রির পূজা, পার্বণ ও উপবাস ইত্যাদি। এসব অনুষ্ঠান উদযাপন করে তারা অন্তরে প্রশান্তি লাভ করে।
• খ্রিস্ট ধর্ম: খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব হলো বড়দিন (ক্রিসমাস) এবং ইস্টার সানডে; এছাড়াও খ্রিস্টীয় বর্ষপঞ্জিতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্ব পালিত হয়। এসব অনুষ্ঠানে যোগ দিয়ে তারা অন্তরে প্রশান্তি লাভ করে।
• বৌদ্ধ ধর্ম: বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসবগুলো হলো বুদ্ধ পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা এবং কঠিন চীবর দান ইত্যাদি যা উৎযাপনের মাধ্যমে তারা প্রশান্তি লাভ করে।
• শিখ ধর্ম: শিখদের দশজন গুরুর জন্ম, মৃত্যু, গুরুপদ লাভ ও ঐতিহাসিক ঘটনাবলিকে কেন্দ্র করে পালিত হয় ‘গুরুপরব’ (Gurpurabs) এবং ‘হোলা মহল্লা’ (Hola Mohalla) ইত্যাদি যার মাধ্যমে তাঁরাও অন্তরে প্রশান্তি অনুভব করে।
মানুষ যে ধর্মবিশ্বাসের পরিবেশে জন্মগ্রহণ করে বা বেড়ে ওঠে, কিংবা বাবা-মায়ের কাছ থেকে যে ধর্মীয় শিক্ষা ও সংস্কার লাভ করে, তা তার মনোজগতে গভীর প্রভাব ফেলে। ফলে নিজ নিজ ধর্মের উৎসব ও রীতিনীতির দিনগুলোতে মানুষ মনের অজান্তেই এক ধরনের অপার্থিব প্রশান্তি অনুভব করে। কেন ওই দিনগুলোতে তাদের অন্তর শান্ত হয়, অনেক সময় তারা নিজেরাও তা ব্যাখ্যা করতে পারে না। বস্তুবাদী বা বৈজ্ঞানিক যুক্তিতে এটি কখনো কখনো অবাস্তব বা অযৌক্তিক মনে হলেও, পালনকারীর হৃদয়ে ঠিকই প্রশান্তির ফল্গুধারা বয়ে যায়—যেমনটি ঘটে মুসলমানদের ঈদে, হিন্দুদের পূজায়, খ্রিস্টানদের বড়দিনে কিংবা বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমায়।
ত্যাগ, সাধনা ও সর্বজনীন প্রশান্তির সন্ধান-ধর্ম-বর্ণ ও জাত-পাত নির্বিশেষে মানুষ হিসেবে অন্তরের প্রশান্তির জন্য অনেকে এমন কিছু সাধনা বা পথ বেছে নেয়, যা সাধারণ দৃষ্টিতে অত্যন্ত কঠিন, কষ্টসাধ্য এবং যন্ত্রণাদায়ক। তবুও আত্মিক তৃপ্তির আশায় তারা এই কঠোর পরিশ্রম করে থাকে। এর মধ্যে অন্যতম হলো সন্ন্যাসব্রত গ্রহণ, সাধু-সন্ত হওয়া, গভীর গবেষণায় মগ্ন থাকা কিংবা সুফি সাধনায় নিজেকে বিলীন করা। এই পথের পথিকেরা স্রষ্টাকে পাওয়ার আশায় সংসার ও পার্থিব সকল সুখ-স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে বনে-জঙ্গলে বা পাহাড়-পর্বতে ঘুরে বেড়ান। অন্তরের খোরাক জোগাতে গিয়ে তারা শরীরের চাহিদা ও খাদ্যকে প্রায় তুচ্ছ করে বসেন। দেহের সুখ বিসর্জন দিয়ে আত্মাকে তৃপ্ত করার এই প্রক্রিয়াও এক অনন্য প্রশান্তির উৎস। একইভাবে, বাউল ও লালন অনুসারীরা ঘর-সংসার ছেড়ে, পার্থিব ভোগ-বিলাস ত্যাগ করে স্রষ্টাকে পাওয়ার ব্যাকুলতায় গান রচনা করেন এবং সুরের সাধনায় দিনাতিপাত করে অন্তরে শান্তি খোঁজেন।
ধর্মপ্রচার ও আধ্যাত্মিক সান্নিধ্য-
স্রষ্টার বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন ধর্মের ধর্মগুরু ও সাধকেরা ঘর-সংসার ছেড়ে পথে-প্রান্তরে ও দেশে-বিদেশে ধর্ম প্রচার করে বেড়ান—এর মধ্যেও তারা খুঁজে পান পরম আত্মিক প্রশান্তি। যেমন—ইসলাম ধর্মের আলেম-ওলামারা ওয়াজ-নসিহত করেন, তাবলিগ জামাতের সাথীরা মসজিদে মসজিদে ঘুরে দ্বীনের দাওয়াত দেন, হিন্দু ধর্মের ঠাকুর ও পুরোহিতেরা ধর্মসভার আয়োজন করেন। এসব আয়োজনে বক্তা ও শ্রোতা উভয়েই আত্মিক প্রশান্তি লাভ করেন। অন্যদিকে, খ্রিস্টান পাদ্রি বা ধর্মযাজকেরা সংসার-ধর্ম ত্যাগ করে গির্জায় বসবাস করেন এবং নিজেদের জীবন স্রষ্টার সেবায় উৎসর্গ করেন।
সত্যিই, অন্তরের এই অমূল্য প্রশান্তির কামনায় মানুষ যুগে যুগে কত কিছুই না করে চলেছে!