লালমনিরহাটের পাটগ্রামে অষ্টম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের মামলায় তার সৎ বাবা আরিফুল ইসলাম লেলিনকে (৬০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা মারা যাওয়ার পর তার মা আরিফুল ইসলাম লেলিনকে বিয়ে করেন। এরপর থেকে কিশোরী তার সৎ বাবার সঙ্গে একই বাড়িতে বসবাস করত।
অভিযোগে বলা হয়, সৎ বাবা বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ও জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করেন। তার মা বাড়ির বাইরে থাকলে বিভিন্ন কৌশলে একা পেয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি কিশোরী তার মাকে জানালে পাটগ্রাম থানায় মামলা করা হয়।
মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত আসামি আরিফুল ইসলাম লেলিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান সাংবাদিকদের জানান, এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী ও তার পরিবার ন্যায়বিচার পেয়েছেন। রায়ে ভুক্তভোগী ও তার পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।