কথা বলার ভয় কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মত প্রকাশ, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্য নিয়ে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘Lead With Your Voice – Speak to Inspire, Lead to Empower’ শীর্ষক পাবলিক স্পিকিং ও যুব নেতৃত্ব কর্মশালা।
শনিবার (২২ আগস্ট) লালমনিরহাট পৌরসভার কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ-তরুণীরা অংশ নেন। দিনব্যাপী কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন গাইবান্ধার জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার।
কর্মশালার সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। তিনি এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, তরুণদের দক্ষতা উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত জামাল হোসেন বলেন, “তরুণদের আত্মবিশ্বাসী ও দক্ষ করে গড়ে তোলার তাগিদ থেকেই আমাদের এ আয়োজন। নিজের প্রতিভা ও মতামত প্রকাশের সুযোগ পেলে তরুণরা আরও ভালোভাবে নিজেদের বিকশিত করতে পারে।”
প্রত্যয়ের সভাপতি আতিকুর রহমান শাকিল বলেন, “তরুণরা যেন শেখার পাশাপাশি নিজেদের প্রকাশের সুযোগ পায়, সেটিই আমাদের মূল উদ্দেশ্য। এ ধরনের কর্মশালা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।”
আয়োজকদের মধ্যে অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন বলেন, “আত্মবিশ্বাসী ও দক্ষ তরুণরাই একটি ইতিবাচক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুধু ভালো ফলাফল বা প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নিজের কথা সঠিকভাবে প্রকাশ করা, অন্যের কথা শোনা এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই তরুণদের মধ্যে এসব দক্ষতা গড়ে তুলতে এমন উদ্যোগের ধারাবাহিকতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমরা চাই তরুণরা ভয় বা সংকোচ কাটিয়ে নিজেদের কথা সাহসের সঙ্গে বলুক, সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলুক এবং ইতিবাচক পরিবর্তনে নেতৃত্ব দিক।”
ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মন বলেন, “তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়ার সুযোগ বাড়ানোই আমাদের লক্ষ্য। তাদের দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজন আরও করা প্রয়োজন।”
লাল সবুজ সোসাইটি লালমনিরহাট জেলা শাখার কো-অর্ডিনেটর মোঃ ইউসুফ আলী বলেন, “নিজের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে পারলেই একজন তরুণ সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে। তরুণদের সেই সক্ষমতা তৈরির লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
দিনভর কর্মশালায় পাবলিক স্পিকিং, কার্যকর যোগাযোগ, নেতৃত্ব, অ্যাডভোকেসি ও টিমওয়ার্ক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। দলীয় কাজ, বক্তব্য প্রদান ও বিভিন্ন ব্যবহারিক কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতামত প্রকাশ এবং নেতৃত্বের কৌশল শেখানো হয়।
দিনের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। ‘Lead With Your Voice’ কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে লাল সবুজ সোসাইটি লালমনিরহাট জেলা শাখা, ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন, অদম্য যুব সংগঠন ও প্রত্যয় যুব বিজ্ঞান সেবা সংস্থা।