রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

কালীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আসামির গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন


প্রকাশ : (১ ঘন্টা আগে)
কালীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আসামির গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে রংপুরের ‘নিউ রূপসী বাংলা’ ক্লিনিকের পরিচালক ইউসুফ আলীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার কাকিনা কাচারি বাজার মোড়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাকিনা মহিমারঞ্জন স্মৃতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার বোন নির্যাতিত কেন, প্রশাসন জবাব দাও’, ‘ধর্ষণমুক্ত সমাজ চাই’ এসব স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। কর্মসূচি চলাকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, অভিযুক্ত ইউসুফ আলী (৪৫) কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর এলাকার মৃত আছমত আলীর ছেলে। তিনি রংপুরের ‘নিউ রূপসী বাংলা’ ক্লিনিকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে ওই স্কুলছাত্রীকে নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট বাড়িতে কেউ না থাকার সুযোগে ইউসুফ আলী ওই স্কুলছাত্রীর বসতঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণ করেন। পরে ওই ছাত্রীর প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বক্তারা আরও বলেন, ঘটনার পরদিন ২১ আগস্ট ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় মামলা করা হয়। তবে তিন দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। তাঁদের অভিযোগ, আসামি প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং মামলা তুলে নিতে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে।

অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে লালমনিরহাট জেলাজুড়ে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

পরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের বিষয়ে আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউসুফ আলীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন