শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

কালীগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক আসামি


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
কালীগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক আসামি

লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী (৪৫) নামে এক ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে ভুক্তভোগী ছাত্রীর মা কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত ইউসুফ আলী উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর (কানার বাজার) এলাকার মৃত আছমত আলীর ছেলে। তিনি রংপুরের নিউ রূপসী বাংলা ক্লিনিকের পরিচালক বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চিকিৎসাসংক্রান্ত কারণে ওই পরিবারের সঙ্গে অভিযুক্তের আগে থেকেই পরিচয় ছিল। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য বাড়ির বাইরে গেলে দুপুরের দিকে মেয়েটি বাড়িতে একা ছিল। এ সময় তার মায়ের ফোন নম্বর নেওয়ার কথা বলে অভিযুক্ত ব্যক্তি বাড়িতে প্রবেশ করেন। পরে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে ওই ছাত্রী ফোনে বিষয়টি তার মাকে জানায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর মা বলেন, মেয়ের সঙ্গে এমন ঘটনা মেনে নেওয়া সম্ভব নয়। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে মেয়ের চিকিৎসা চালিয়ে নিতে আর্থিক সংকটের কথাও জানান তিনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বিজ্ঞাপন