২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় লালমনিরহাটে পাসের হার ৫৪ দশমিক ৪৮ শতাংশ। জেলায় মোট ১৮ হাজার ৪২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৩৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬২৭ জন। সোমবার (১০ আগস্ট) লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এদিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এ.এম. রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। বিদ্যালয়টির শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ এসএসসিতে ১৩ হাজার ৪১৯ জনের মধ্যে ৭ হাজার ৫১০ জন পাস করেছে। এ ধারায় পাসের হার ৫৫ দশমিক ৯৭ শতাংশ।
দাখিল পরীক্ষায় ২ হাজার ৭৪৬ জনের মধ্যে ১ হাজার ৩৯০ জন পাস করেছে। পাসের হার ৫০ দশমিক ৬২ শতাংশ। এসএসসি ভোকেশনালে ২ হাজার ২১৪ জনের মধ্যে ১ হাজার ১২৩ জন পাস করেছে। এ ধারায় পাসের হার ৫০ দশমিক ৭২ শতাংশ। এছাড়া দাখিল ভোকেশনালে ৪৯ জনের মধ্যে ১৫ জন পাস করেছে। এ ধারায় পাসের হার ৩০ দশমিক ৬১ শতাংশ।
জেলায় মোট ৬২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে সাধারণ এসএসসিতে ৫৬০ জন, দাখিলে ৩৭ জন এবং এসএসসি ভোকেশনালে ৩০ জন জিপিএ-৫ পেয়েছে। দাখিল ভোকেশনালে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
জেলা প্রশাসন জানিয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক নয়, সেসব প্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনা করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।