লালমনিরহাটে আগামী ১৬ আগস্ট থেকে তিন দিনব্যাপী ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপিত হবে। এ উপলক্ষে সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মুহম্মদ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার জামানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ১৬ আগস্ট বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, সফল মৎস্য চাষিদের পুরস্কার প্রদান এবং পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হবে।
এছাড়া ১৭ আগস্ট টেকসই মৎস্য উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং ১৮ আগস্ট রচনা, চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয়োজকরা জাতীয় মৎস্য পক্ষের সব কর্মসূচিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন। (প্রস বিজ্ঞপ্তি)