লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিল-সমজাতীয় কোডেইনযুক্ত মাদকদ্রব্য ফেয়ারডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গ্রেপ্তার ব্যক্তি উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের মৃত হাবেলের ছেলে ভোলা মিয়া (৪৬)।
র্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ আগস্ট) রাত আড়াইটার দিকে র্যাব-১৩, রংপুরের সদর কোম্পানির একটি আভিযানিক দল হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ভোলা মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা ফেয়ারডিল ফেন্সিডিল-সমজাতীয় কোডেইনযুক্ত মাদকদ্রব্য। এ ঘটনায় র্যাব বাদী হয়ে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।