রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী রাকিবুল ইসলামকে (৩২) গ্রেফতার করেছে র্যাব। রবিবার দিবাগত রাত সাড়ে ১০টায় নগরীর তাজহাট দর্শনা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাকিবুল ইসলাম লালমনিরহাট জেলার হাতিবান্ধা উত্তর পারুলিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
সোমবার (১১ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, চলতি বছরের ১৯ এপ্রিল ভুক্তভোগী নারী পূর্ব পরিচিত প্রতিবেশী বেলালের কাছে পাঁচ হাজার টাকা ধার চান। ওইদিন সন্ধ্যায় বেলালের কাছে টাকা ধার নিতে গেলে পথের ধারে ভুট্টা ক্ষেতে নিয়ে বেলাল, রাকিবুলসহ আসামীরা ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওই নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় গত ২২ এপ্রিল থানায় মামলা হলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। সোমবার রংপুর নগরী থেকে আসামী রাকিবুলকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আসামী রাকিবুল ইসলামকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।