সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আইন-আদালত

৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমার নির্দেশ


প্রকাশ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বৈধ অস্ত্রের ওপর কড়াকড়ি আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী, সব বৈধ অস্ত্রের লাইসেন্সধারীদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিকটবর্তী থানায় অস্ত্র জমা দিতে হবে।

রোববার (১৮ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তফসিল ঘোষণার পর থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

তবে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য নির্ধারিত নীতিমালা অনুযায়ী বরাদ্দকৃত বৈধ অস্ত্রের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গ্রহণযোগ্য ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী এবং তাদের জন্য অনুমোদিত সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত এই নির্দেশনা কার্যকর হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, নির্বাচনের সময় সহিংসতা ও ভয়ভীতির আশঙ্কা কমাতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ একটি নিয়মিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হয়।

নির্বাচনী নিরাপত্তা বিশেষজ্ঞরাও মনে করছেন, মাঠপর্যায়ে কঠোর তদারকি ও নজরদারি নিশ্চিত করা গেলে এই অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ভোটের পরিবেশ আরও শান্ত ও স্বচ্ছ রাখতে কার্যকর ভূমিকা রাখবে।