বাল্যবিবাহ প্রতিরোধে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করার দাবিতে লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক নেটওয়ার্ক Girls Not Brides (GNB)-এর পক্ষ থেকে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধিরা জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিগুলোর নিয়মিত সভা আয়োজন, সদস্যদের সক্ষমতা বৃদ্ধি, কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা, নিয়মিত পরিবীক্ষণ এবং সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের দাবি জানানো হয়।
এ ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে কমিটিগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয় সরকারের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চাইল্ড প্রটেকশন স্পেশালিস্ট অনিন্দিতা বিশ্বাস ও মার্সি বৈরাগী, পার্টনারশিপ ফ্যাসিলিটেটর শিলা কিসকু, পিডিএ কো-অর্ডিনেটর রিপন বাড়ৈ এবং BD0201, BD0215, BD0222, BD0255 ও BD0277-এর ম্যানেজাররা।
সংশ্লিষ্টরা বলেন, বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ, কার্যকর সমন্বয় এবং প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিগুলোর সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।