লালমনিরহাটের হাতীবান্ধা থেকে অপহৃত ১৪ বছর বয়সী এক কিশোরীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় অপহরণ মামলার প্রধান আসামি আব্দুল আলিমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বেলপাড়া এলাকায় এসআরবি-১৩, সিপিএসসি, রংপুর ও এসআরবি-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আলিম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের হোসেন আলীর ছেলে।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপহৃত কিশোরী নবম শ্রেণির শিক্ষার্থী। গত ১৩ নভেম্বর রাত ৮টার দিকে বাড়ি থেকে মন্দিরে পূজা-অর্চনা করতে যাওয়ার পথে আব্দুল আলিম তাঁর সহযোগীদের সহায়তায় মোটরসাইকেলে করে তাকে অপহরণ করে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে কিশোরীকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌথ অভিযান চালিয়ে প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেপ্তার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তার আসামি ও উদ্ধার হওয়া কিশোরীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।