মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

অটোরিকশা চালককে বাঁচাতে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ, শ্রমিকদল নেতা আটক


প্রকাশ : (৯ ঘন্টা আগে)
অটোরিকশা চালককে বাঁচাতে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ, শ্রমিকদল নেতা আটক

লালমনিরহাটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা ও চালককে মারধরের ঘটনায় এক শ্রমিকদল নেতাকে আটক করেছে পুলিশ। তবে তাঁকে থানায় নেওয়ার পথে পুলিশের গাড়ি আটকে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁর পক্ষের কয়েকজন ব্যক্তি। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের পূর্ব আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক শ্রমিকদল নেতার নাম রফিকুল ইসলাম অপু (৩৫)। তিনি সাদেকনগর গ্রামের মৃত শওকত আলীর ছেলে এবং বড়বাড়ি ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক।

আহত পুলিশ সদস্যরা হলেন সদর থানার উপপরিদর্শক (এসআই) এমরান আলী (৪৩), কনস্টেবল মামুন (৩২), লিটন (৩৯), নায়েক আনোয়ার হোসেন (৩৮) ও কনস্টেবল শাহনাজ আক্তার (৩৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাচালক এরশাদুল হক কুলাঘাট বাজার থেকে বড়বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে টিকটিকির বাজার এলাকায় চার ব্যক্তি যাত্রীবেশে তাঁর অটোরিকশায় ওঠেন। পরে পূর্ব আমবাড়ি এলাকায় পৌঁছে তাঁরা নিজেদের ‘আলোকিত লালমনিরহাটের অ্যাকশন কমিটির’ সদস্য পরিচয় দেন। অটোরিকশায় মাদকদ্রব্য রয়েছে দাবি করে তল্লাশি চালানোর কথা বলেন তাঁরা।

এতে চালক প্রতিবাদ করলে তাঁকে মারধর করে অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তিরা। চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে রফিকুল ইসলাম অপুকে আটক করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্য তিনজন পালিয়ে যান।

পরে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অপুকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, আটক অপুকে থানায় নেওয়ার পথে পূর্ব আমবাড়ি এলাকায় তাঁর পক্ষের কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়ির গতিরোধ করেন। তাঁরা অপুকে থানায় নিতে বাধা দেন এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। পুলিশ এতে রাজি না হওয়ায় তাঁরা পুলিশের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় আটক ব্যক্তিকে নিয়ে থানায় ফিরে যায় পুলিশ।

বড়বাড়ি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আলেপ উদ্দিন বলেন, অটোরিকশায় মাদক রয়েছে এমন অভিযোগে অপু ও তাঁর সহযোগীরা সেটি আটক করে তল্লাশি চালান বলে তিনি শুনেছেন। তবে মাদক না পাওয়ায় সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে অপুকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় অপুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে অপু ‘আলোকিত লালমনিরহাটের’ কোনো সদস্য নন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, দুই পক্ষের মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তাঁকে নিয়ে ফেরার পথে কয়েকজনের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। এতে পাঁচ পুলিশ সদস্য সামান্য আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন