আদিতমারী সরকারি কলেজ, উপজেলা প্রাণী সম্পদ অফিস ও কান্তশ্বর বর্মণ বালিকা বিদ্যালয় ও কলেজের মূল ফটকে তালা-ব্যানার লাগিয়ে পালিয়ে গেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) রাতে এসব ঘটনার কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে তালা ও সরকারী অফিসে তালা ঝুলানোর ভিডিও ছড়িয়ে পড়েছে। তালার ওপর সাদা কাগজে লেখা ‘সর্বাত্মক ধর্মঘট, স্বার্থক হোক’।
এরমধ্যে আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাঈমসহ বেশ কয়েকজন নেতার ফেসবুক পেইজে ভিডিওগুলো দেখা যায়।
ধারণা করা হচ্ছে, সোমবার রাতে আদিতমারী উপজেলা সদরের আদিতমারী সরকারি কলেজ, প্রাণী সম্পদ অফিস ও কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের মূল ফটকে ‘দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের সমর্থনে’ লেখা সংবলিত ব্যানার টানিয়ে ও শিকল দিয়ে গেটে তালা ঝুলিয়ে দেয়া হয়। সরকারী অফিস ও কলেজের মূল ফটকে তালা লাগানোর এক মিনিটের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একজনকে দেখা গেলেও তাকে চেনা যায়নি।
আদিতমারী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৯ টার মধ্যে অফিসে এসে মূল গেটে একটি তালা ঝুলানো দেখে উপজেলা নির্বাহী অফিসার ও ওসি আদিতমারীকে বিষয়টি জানানো হয়। তিনি আরো জানান, পরে থানা পুলিশ এসে তালা ভেঙেছে। তবে আতংক কাটছে না এ কর্মকর্তার বলেও তিনি দাবী করেন।
আদিতমারী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান ইত্তেফাককে বলেন, কে বা কারা তালা ঝুলিয়েছেন তা জানা নেই। তিনি আরো জানান, ছাত্র ছাত্রীদের কলেজে প্রবেশ করতে সমস্যা হওয়ায় তালাটি ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে আমাদের পাঠদানসহ সকল কার্যক্রম সঠিকভাবেই পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।
আদিতমারী থানার (ওসি) নাজমুল সাকিব সজীব বলেন, তালা ঝুলানোর বিষয়টি শুনেছেন তবে পোস্টারিং লাগানোর বিষয়টি তাদের জানা নেই। তিনি আরো জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাস জানান, বিষয়টি প্রাণীসম্পদ কর্মকর্তার নিকট জেনেছেন। তিনি ওই কর্মকর্তাকে তালা ভেঙে তার অফিসে প্রবেশ করতে বলেন। ইউএনও আরো জানান, বিষয়টি আদিতমারী থানার ওসিকে গুরুত্বের সহিত দেখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।