লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে জুয়া খেলা এবং জুয়ার টাকা নগদ ও বিকাশে লেনদেনের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে সাতটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোনে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটের তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে উপজেলার ৫ নম্বর চন্দ্রপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বত্রিশ হাজারী বটতলা রাধাগোবিন্দ মন্দিরসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত ১টা ১০ মিনিটে কালীগঞ্জ থানাধীন চাপারহাট বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অনলাইন জুয়ার আসর বসা এবং জুয়ার টাকা নগদ ও বিকাশের মাধ্যমে লেনদেনের তথ্য পায় পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যদের সহায়তায় ঘটনাস্থল থেকে বকুল রায় (২৩), সাগর চন্দ্র রায় (২৪) ও গোপাল চন্দ্র রায় (২৩) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই উত্তর বত্রিশ হাজারার বাসিন্দা।
গ্রেপ্তার বকুল রায়ের কাছ থেকে ধূসর রঙের একটি TECNO SPARK KL4 ও নীল রঙের একটি TECNO KN4 মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। সাগর চন্দ্র রায়ের কাছ থেকে কালো রঙের একটি REDMI NOTE 15 এবং গোপাল চন্দ্র রায়ের কাছ থেকে কালো রঙের একটি REDMI 13 ও ধূসর রঙের একটি OnePlus Nord 5 মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসব ফোন ১০ নভেম্বর রাত ২টা ৩০ মিনিটে জব্দ করা হয়।
অন্যদিকে, একই ঘটনায় পঞ্চগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন এরশাদুল হক (৪০), নাজমুল হক (২৮), মাইদুল ইসলাম (৩৮) ও মিলন সরকার (৩৭)। এরশাদুল হকের বাবার নাম এলাহী বকস মন্ডল এবং মায়ের নাম মাহামুদা বেগম। নাজমুল হকের বাবা আলআমিন হক ও মা নাজমা বেগম। মাইদুল ইসলামের বাবা আব্দুল মতিন ও মা মোছা. মনোয়ারা বেগম। মিলন সরকারের বাবা বিপিন সরকার ও মা বেলা রানী। তাঁদের সবার বাড়ি লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। এরশাদুল হকের ঠিকানা উমাপতি হর নারায়ণ এবং মাইদুল ইসলামের ঠিকানা খোরাগাছ বলে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার চারজনের কাছ থেকে Samsung Galaxy A15 ও কালো রঙের Realme C53 মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইটের তথ্য পাওয়া যায়। Samsung Galaxy A15 ফোনে Bee999, KG999, Joya777, Crickex, TK999.com ও Babu88.com অ্যাপ ইনস্টল করা ছিল। অন্যদিকে, Realme C53 ফোনে 1111 ও Offline 700000 নামের জুয়ার অ্যাপ ইনস্টল এবং গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে লগইন করা ছিল। এ ছাড়া Ace67, CV666 ও Bee999 নামের জুয়ার অ্যাপও ইনস্টল করা পাওয়া যায়। এসব অ্যাপ ও ওয়েবসাইটে গুগল ক্রোমের মাধ্যমে লগইন করা ছিল। একাধিক সিম ব্যবহার করে খোলা নগদ ও বিকাশ অ্যাকাউন্টের তথ্যও পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।