বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

সারপুকুরে নারীর প্রতি সহিংসতা রোধে কমিউনিটি অ্যাকশন সভা


প্রকাশ : (৫ ঘন্টা আগে)
সারপুকুরে নারীর প্রতি সহিংসতা রোধে কমিউনিটি অ্যাকশন সভা

জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিনিধি ও কমিউনিটির অংশগ্রহণ জোরদার করতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর যুব ফোরাম পাঠাগার সংগঠনে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি অ্যাকশন প্রজেক্টবিষয়ক আলোচনা সভা।

বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় সরকারি কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৪৫ জন অংশগ্রহণ করেন।

‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় সারপুকুর যুব ফোরাম পাঠাগার সংগঠনের আয়োজনে এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার মূল লক্ষ্য ছিল জেন্ডার সমতা প্রতিষ্ঠা, সামাজিক বৈষম্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার ও কমিউনিটির সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করা। পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

দিনব্যাপী আলোচনায় জেন্ডার স্টেরিওটাইপ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় এবং কমিউনিটিভিত্তিক অ্যাকশন ও অ্যাডভোকেসি বিষয়ে অংশগ্রহণমূলক সেশন পরিচালনা করা হয়।

সারপুকুর যুব ফোরাম পাঠাগার সংগঠনের সভাপতি মো. জামাল হোসেন বলেন, “এ ধরনের উদ্যোগ আমাদের সীমান্তবর্তী অঞ্চলের জন্য অনেক বেশি প্রয়োজন।”অন্য ফ্যাসিলিটেটর নিরাময় কুমার রায় বলেন, “আমাদের এ উদ্যোগ একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলেই আমাদের বিশ্বাস।”

অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার (জেন্ডার অ্যান্ড সিভিল সোসাইটি) মুশফিকা জামান সাতিয়ার ও কন্ট্রোলার হ্যারি মোরিল উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাগো ফাউন্ডেশন ট্রাস্টের ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সৌরভ সাহা ও ফান্ডরেইজিং অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কামরুল কিবরিয়া আয়ন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রামস ডিরেক্টর মোহাম্মদ মাহিন নেওয়াজ চৌধুরী, ডেপুটি ডিরেক্টর নীলিমা ইয়াসমিন, কনসোর্টিয়াম অ্যান্ড অ্যাডভোকেসি ম্যানেজার মো. হুশাইন শাকির ও জেন্ডার স্পেশালিস্ট ফারজানা আক্তার রূপা অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আদিতমারী সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুনীল কুমার সূত্রধর, লালমনিরহাট জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামান, টিপার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা রায়, হরিদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র রায়, মানবাধিকারকর্মী নাজিরা পারভীন টপি এবং লালমনিরহাট হিজড়া কল্যাণ সেবা সংস্থার সভাপতি মোহনা। এ ছাড়া হিজড়া সম্প্রদায়ের সদস্য ও আয়োজক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

কর্মসূচির সার্বিক রিপোর্টিং ও মিডিয়া সহায়তায় ছিলেন জাগো ফাউন্ডেশন ট্রাস্টের এমইএএল অফিসার মালিহা নাজ জারিন ও প্রজেক্ট অফিসার আসিফ মাহমুদ।

 

বিজ্ঞাপন