জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে শারীরিক প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যান্য কর্মসূচির পাশাপাশি ব্যতিক্রমী এ উদ্যোগের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধী মানুষের চলাচলের কষ্ট লাঘবের চেষ্টা করেছে সংগঠনটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়িতে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।
এর আগে, সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। বিকেলে রেলওয়ে স্টেশন রোডে জেলা শ্রমিকদল কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় জেলা বিএনপি ও যুবদলের নেতারা বক্তব্য দেন।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান ভিপি আনিছ, সদস্য সচিব হাসান আলীসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী মানুষের চলাচলের সুবিধা এবং দৈনন্দিন জীবনযাত্রায় সহায়তার বিষয়টি গুরুত্ব পায়।