রংপুর, ১২ই কার্তিক, (২৮শে অক্টোবর) :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু চার দিনের সরকারি সফরে ২৯শে অক্টোবর (বৃহস্পতিবার) লালমনিরহাটে আসছেন। সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ৩০শে অক্টোবর (শুক্রবার) বিকাল ৪ টায় লালমনিরহাট সদর উপজেলার রাজপুরে বানিয়াটারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করবেন।পরদিন ৩১শে অক্টোবর (শনিবার) তিনি সকাল ১০ টায় মহেন্দ্রনগর ও গোকুন্ডায় প্রস্তাবিত মডেল খাল (মহেন্দ্রনগর নিষ্কাশন খাল) পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে মন্ত্রী দুপুর ২ টা ৩০ মিনিটে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬ -এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এরপর তিনি সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মিশন চত্ত্বরে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬ -এর সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন।
সফরসূচিতে আরও উল্লেখ করা হয়, ১লা নভেম্বর (রবিবার) সকাল ১০ টায় ত্রাণ মন্ত্রী জেলা পরিষদ অডিটরিয়ামে জাতীয় যুব দিবস, ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন। এরপর লালমনিরহাট সরকারি কলেজে মন্ত্রী সকাল ১১ টায় কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
ওইদিন মন্ত্রী সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) সেলিম আহমদ স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।
লালমনিরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
১২ ঘন্টা আগে