লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের সঙ্গে মতবিনিময় করেছেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য কথাসাহিত্যিক ও বিশিষ্ট সাংবাদিক ইমদাদুল হক মিলন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের আয়না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীকভাবে কাজ করে যেতে হবে।
মফস্বল সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের কথা তুলে ধরার পাশাপাশি দেশের ইতিবাচক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লাডলা, সাধারণ সম্পাদক গোলাম তাহামিদুল আলম তিতাসসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় কবি-লেখক এবং লালমনিরহাট সাহিত্য সংসদের নেতৃবৃন্দও সভায় অংশ নেন।
মতবিনিময় সভা শেষে কালীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনকে শুভেচ্ছা জানানো ও স্মারক সম্মাননা প্রদান করা হয়। এ সময় তিনি উপস্থিত সবার হাতে নিজের লেখা ‘অ্যালবামে কত ছবি’ বইটি উপহার দেন।