উচ্চ আদালতে মামলা তালিকাভুক্তিতে প্রতারণার আশ্রয় নেওয়ার ঘটনায় এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।
রবিবার (৯ আগস্ট) বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না।
আদেশের পর সংশ্লিষ্ট বেঞ্চের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না বলেন, বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চের ১৫ নম্বর সিরিয়ালে আসামি সাকিব ওরফে সাকিব হাসান লিটনের জামিনের আবেদন শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। তবে শুনানির আগেই আমি জানতে পারি, এই মামলা এর আগেও শুনানি করা হয়েছে।
মামলাটি এর আগে হাইকোর্টের ভিন্ন একটি বেঞ্চে শুনানি হয়; সেই তথ্য এখানে গোপন করে মামলাটি পুনরায় তালিকাভুক্ত করা হয়েছে। আজ শুনানিকালে পূর্ববর্তী শুনানির বিষয়টি যে গোপন রাখা হয়েছে তা আমি আদালতকে জানাই।
বিষয়টি আদালতের নজরে আসার পর সংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমানকে আদালত এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন। কিন্তু তিনি সন্তোষজনক কোনও জবাব দিতে পারেননি।
পরে আদালত মামলাটি সরাসরি খারিজ করে দেন এবং আদালতের সঙ্গে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
আদেশের বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, আদালতের প্রতি পূর্ণাঙ্গ ও নির্ভুল তথ্য উপস্থাপন করা একজন আইনজীবীর মৌলিক পেশাগত দায়িত্ব। একই বিষয়ে একাধিক বেঞ্চে শুনানির সুযোগ তৈরি করা কিংবা পূর্ববর্তী কার্যক্রম গোপন করে আদালতের আদেশ প্রভাবিত করার চেষ্টা শুধু পেশাগত নৈতিকতার পরিপন্থি নয়– এটি বিচারপ্রক্রিয়ার প্রতি আস্থাকেও প্রশ্নবিদ্ধ করে।