রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিশেষ সংবাদ

আজ থেকে মাঠে ২০০ ইইউ নির্বাচন পর্যবেক্ষক


প্রকাশ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দল আজ থেকে আনুষ্ঠানিকভাবে মাঠপর্যায়ে কাজ শুরু করছে। ২৭টি সদস্যরাষ্ট্র থেকে আসা মোট ২০০ পর্যবেক্ষক দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বেন বলে জানিয়েছে ইইউ ইলেকশন অবজারভেশন মিশন। সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ঢাকায় অবস্থানরত সব স্বল্পমেয়াদি পর্যবেক্ষককে ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল প্রক্রিয়া পর্যবেক্ষণ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মঙ্গলবার থেকে তারা নির্ধারিত এলাকায় মোতায়েন হবেন।

এরই মধ্যে ইউরোপ থেকে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক দেশে পৌঁছেছেন। পাশাপাশি ইইউ কূটনৈতিক মিশন ও অংশীদার দেশগুলো থেকে আরও ৩৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত হয়ে পর্যবেক্ষণ কার্যক্রম বিস্তৃত করেছেন।

এর আগে গত ডিসেম্বরের শেষ ভাগ থেকে ১১ জন বিশ্লেষকের একটি মূল দল বাংলাদেশে অবস্থান করছে। তাদের সঙ্গে জানুয়ারির মাঝামাঝি থেকে যুক্ত হয়েছেন ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক, যারা দেশের ৬৪টি জেলায় কাজ করছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন শহর থেকে গ্রাম পর্যন্ত ভোটগ্রহণ, গণনা ও ফলাফল তালিকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন ইইউ প্রতিনিধি দল।

পর্যবেক্ষণের প্রাথমিক মূল্যায়ন ও ফলাফল নিয়ে ১৪ ফেব্রুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলন করবেন মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার ইজাবস।