ফ্রান্সের রাজধানী প্যারিসের বিশ্ববিখ্যাত লুভর জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
ঘটনার পর জাদুঘরটি সাময়িকভাবে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রচিদা দাতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, ‘ব্যতিক্রমী কারণে’ আজকের দিনের জন্য লুভর বন্ধ থাকবে। তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুলিশের তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন।
চোরেরা জাদুঘর থেকে ঠিক কী নিয়ে গেছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় কয়েকটি ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, মূল্যবান গয়না চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, লুভর বিশ্বের অন্যতম প্রাচীন ও সর্বাধিক পরিদর্শিত জাদুঘর। এখানে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত শিল্পকর্ম মোনালিসাসহ অসংখ্য অমূল্য শিল্পসম্পদ সংরক্ষিত আছে।