গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও পাঁচজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগের দিন, রবিবার (৮ জুন) চার জনের নমুনা পরীক্ষায় তিন জনের শরীরে করোনা শনাক্ত হয়। অর্থাৎ এক দিনের ব্যবধানে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৬৭ শতাংশ, যা সাম্প্রতিক সময়ের মধ্যে উল্লেখযোগ্য।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ছয় জন। তবে বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, গত ৪ জুন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুরুষ রোগীর মৃত্যু হয়। এটিই চলতি মাসে করোনায় প্রথম মৃত্যু বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নতুন করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের পাঠানো এক বার্তায় জানানো হয়, জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এসব স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মের এই সময়ে সংক্রমণ কিছুটা বাড়তে পারে, তবে জনসচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।