মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আদিতমারী মডেল মসজিদের নিয়োগে দুর্নীতির অভিযোগ, বাতিল চেয়ে মানববন্ধন


প্রকাশ : (১ মাস আগে)
আদিতমারী মডেল মসজিদের নিয়োগে দুর্নীতির অভিযোগ, বাতিল চেয়ে মানববন্ধন

লালমনিরহাটের আদিতমারী উপজেলা মডেল মসজিদের জনবল নিয়োগে নজিরবিহীন জালিয়াতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। এই নিয়োগ অবিলম্বে বাতিল ও পুনরায় পরীক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন নাগরিকরা।

​ রবিবার (২৪ মে) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী বুড়ির বাজার নামক স্থানে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় মেধা ও যোগ্যতাকে মূল্যায়ন না করে সম্পূর্ণ অবৈধ উপায়ে ফলাফল তৈরি করা হয়েছে।

​বক্তাদের উত্থাপিত সুনির্দিষ্ট অভিযোগ সরকারি নিয়ম ভেঙে ভাইভা বোর্ডের বাকি সদস্যদের নিষ্ক্রিয় রেখে একজন সদস্য এককভাবে প্রশ্ন ও নম্বর প্রদান করেছেন। এছাড়া ভাইভা বোর্ডে পদের যোগ্যতা যাচাই না করে প্রার্থীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, মিলাদ পড়া নিয়ে শর্ত আরোপ এবং নারী মাদরাসার শিক্ষকদের উপহাস করে মানসিকভাবে বিপর্যস্ত করা হয়েছে।

​বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, ফলাফল প্রকাশের ক্ষেত্রে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঢাকায় আছেন এবং ফলাফল প্রকাশে বিলম্ব হবে জানানো হলেও, ওই রাতেই ইউএনও'র স্বাক্ষর ছাড়াই তড়িঘড়ি করে ফলাফল প্রকাশ করা হয়। পরবর্তীতে ইউএনও এলাকাতেই ছিলেন এবং তাঁর স্বাক্ষর নেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন। একই সাথে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর সাথে নিয়োগ বোর্ডের মূল পরীক্ষকের অনৈতিক আঁতাত ও পরীক্ষার আগে বিশেষ সাক্ষাতের অভিযোগও তোলেন তারা।

​পরীক্ষার্থী ইমরান কাসেমি বলেন, এই সমস্ত তথ্য-প্রমাণসহ তারা উপজেলা কৃষি অফিসার, ইউএনও, ইসলামিক ফাউন্ডেশনের জেলা উপ-পরিচালক এবং জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করলেও প্রশাসন এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি।

​মানববন্ধন থেকে এই 'প্রহসনের নিয়োগ' অবিলম্বে বাতিল করে একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মওলানা মাহফুজ আবেদীন, মওলানা রফিকুল ইসলাম, মুফতি আঃ হান্নান,  খালেদ সাইফুল্লাহ, মাওলানা মাসরুর আবেদিন প্রমুখ।

​কর্মসূচিতে আদিতমারী উপজেলার বিভিন্ন স্তরের আলেম-ওলামা, ভুক্তভোগী পরীক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় সর্বস্তরের নাগরিকরা উপস্থিত ছিলেন।

এসময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে দীর্ঘ  যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন