মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

এইচএসসি ফরম পূরণ ১ মার্চ থেকে, সব বিভাগেই বেড়েছে ফি


প্রকাশ : (৪ মাস আগে)
এইচএসসি ফরম পূরণ ১ মার্চ থেকে, সব বিভাগেই বেড়েছে ফি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে। জরিমানা ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে ৯ মার্চ পর্যন্ত। নির্ধারিত সময় পেরিয়ে গেলে ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণের সুযোগ থাকবে।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিলম্ব ফি ছাড়া ফি জমা দেওয়ার শেষ সময় ১০ মার্চ। নির্ধারিত সময়ের পরে ১০০ টাকা বিলম্ব ফিসহ আবেদন ও ফি জমা দেওয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত। সব ফি সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করতে হবে।

এবার বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন বিভাগেই ফরম পূরণের ফি গত বছরের তুলনায় ২১০ টাকা বেড়েছে।

বিভাগভেদে ফি:

  • বিজ্ঞান শাখা: মোট ২,৯৯৫ টাকা (বোর্ড ফি ২,১৪০ টাকা, কেন্দ্র ফি ৮৫৫ টাকা)

  • মানবিক শাখা: মোট ২,৪৩৫ টাকা (বোর্ড ফি ১,৯৪০ টাকা, কেন্দ্র ফি ৪৯৫ টাকা)

  • ব্যবসায় শিক্ষা: মোট ২,৪৩৫ টাকা (বোর্ড ফি ১,৯৪০ টাকা, কেন্দ্র ফি ৪৯৫ টাকা)

বোর্ড আরও জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সেই তালিকা থেকে চূড়ান্ত পরীক্ষার্থী নির্বাচন করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ২৪ মাসের বেশি টিউশন ফি আদায় করতে পারবে না। মডেল টেস্ট নেওয়া গেলেও তা বাধ্যতামূলক করা যাবে না এবং এর জন্য অতিরিক্ত ফি নেওয়া নিষিদ্ধ।

২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসরণ করা হবে। তবে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের সব বিষয়ে অংশগ্রহণ বাধ্যতামূলক থাকবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষার শর্ত কিছুটা শিথিল করা হয়েছে।

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ফরম পূরণের সব কার্যক্রম সংশ্লিষ্ট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন