শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের জন্য সরকারি ও বেসরকারি কলেজগুলোর বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী বছর কলেজগুলো মোট ৭২ দিন বন্ধ থাকবে। যা গত বছরের তুলনায় এক দিন বেশি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এই ছুটির তালিকায় বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস, গ্রীষ্মকালীন ও শীতকালীন অবকাশ অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে থাকবে এক দিনের সরকারি ছুটি।
এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন কলেজে পাঠদান বন্ধ থাকবে।
শীতকালীন অবকাশ হিসেবে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন ছুটি রাখা হয়েছে।
এদিকে, প্রতিবছরের মতো এবারও কলেজপ্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধান এসব ছুটি ঘোষণা করতে পারবেন।