ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের নতুন নির্দেশনা দিয়েছে। মূলত, উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্ভুল শিক্ষকের তথ্য নিশ্চিত করতে eTIF (ইলেকট্রনিক টিচার ইনফরমেশন ফাইল) সংশোধন করা প্রয়োজন বলে বলা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়েছে, যেসব শিক্ষক ইতিমধ্যেই অবসর নিয়েছেন, অন্যত্র বদলি হয়েছেন, চাকরি ত্যাগ করেছেন, মারা গেছেন, বা খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং যাদের বোর্ড থেকে কালো তালিকাভুক্ত করা হয়েছে—তাদের নাম eTIF থেকে বাদ দিয়ে সংশোধন করতে হবে।
চিঠিতে সতর্ক করা হয়েছে, eTIF সংশোধন না করলে প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগে জটিলতা সৃষ্টি হতে পারে। শিক্ষা বোর্ড থেকে এই ফাইল সংশোধনের আর কোনো সুযোগ থাকবে না। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উচিত দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।