লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার কুটিবাড়ী চর এলাকায় পরিচালিত এ অভিযানে গরুগুলো জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরু ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে ভারতীয় গরু চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে দিঘলটারী বিওপির একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। ভোর প্রায় ৫টার দিকে দিঘলটারী বিওপির আওতাধীন কুটিবাড়ী চর এলাকায় টহলদল অবস্থান নিলে ভারতীয় সীমান্তের দিক থেকে কয়েকজন ব্যক্তিকে গরুসহ বাংলাদেশ অভিমুখে আসতে দেখা যায়।
এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ ও ধাওয়া করলে চোরাকারবারীরা গরুগুলো ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৬টি ভারতীয় গরু জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অ্যাডভোকেট হুমায়ুন কবির মিঠুলের ইন্তেকাল
৬ ঘন্টা আগে