ভ্রমণে গিয়ে হোটেল বা রিসোর্টে ওঠার আগে শুধু কক্ষের সুযোগ-সুবিধাই নয়, ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা জরুরি। সাম্প্রতিক সময়ে দেশে-বিদেশে বিভিন্ন হোটেল কক্ষে গোপন ক্যামেরা বসিয়ে অতিথিদের ব্যক্তিগত মুহূর্ত ধারণের অভিযোগ সামনে এসেছে। তাই কিছু সহজ কৌশল জানা থাকলে স্মার্টফোন দিয়েই সন্দেহজনক ক্যামেরা শনাক্ত করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক স্মার্টফোনের কয়েকটি সাধারণ ফিচার ব্যবহার করেই গোপন ক্যামেরার উপস্থিতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়। এতে ভ্রমণ আরও নিরাপদ ও নিশ্চিন্ত হতে পারে।
হোটেল কক্ষের সব আলো নিভিয়ে স্মার্টফোনের ফ্ল্যাশলাইট চালু করুন। এরপর ধোঁয়া শনাক্তকারী যন্ত্র, এয়ার ভেন্ট, দেয়ালঘড়ি, টিভির আশপাশ, আয়না কিংবা অন্যান্য সন্দেহজনক স্থানে আলো ফেলুন। কোথাও ছোট লেন্সের মতো চকচকে প্রতিফলন দেখা গেলে সেটি খতিয়ে দেখা উচিত।
অনেক গোপন ক্যামেরায় ইনফ্রারেড (IR) প্রযুক্তি ব্যবহার করা হয়, যা খালি চোখে দেখা যায় না। তবে স্মার্টফোনের ক্যামেরা দিয়ে অন্ধকার কক্ষে সন্দেহজনক স্থান স্ক্যান করলে ছোট আলোকবিন্দু বা বেগুনি রঙের ঝলক দেখা যেতে পারে। এটি গোপন ক্যামেরার উপস্থিতির ইঙ্গিত হতে পারে।
বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য এমন কিছু অ্যাপ রয়েছে, যা ইনফ্রারেড সিগন্যাল, চৌম্বকীয় ক্ষেত্র বা অন্যান্য অস্বাভাবিক সংকেত শনাক্ত করে সম্ভাব্য গোপন ক্যামেরা খুঁজে পেতে সহায়তা করে। নির্ভরযোগ্য উৎস থেকে এসব অ্যাপ ব্যবহার করা যেতে পারে।
অনেক গোপন ক্যামেরা ওয়াই-ফাইয়ের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে। হোটেলের ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত হয়ে ডিভাইসের তালিকা দেখুন। সেখানে অপরিচিত বা সন্দেহজনক নামের কোনো ক্যামেরা বা আইপি ডিভাইস থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন।
তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, এসব পদ্ধতি শতভাগ নির্ভুল নয়। কোনো ডিভাইস সন্দেহজনক মনে হলে নিজে নাড়াচাড়া না করে দ্রুত হোটেল কর্তৃপক্ষকে জানান। প্রয়োজন হলে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।
লাল নাকি কাঁচা টমেটো: কোনটি বেশি ভালো?
১ বছর আগে