সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বাণিজ্য

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণ-রুপার দাম


প্রকাশ :

আন্তর্জাতিক বাজারে টানা অস্থিরতার পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণ ও রুপার দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার আশাবাদ এবং সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমে আসায় মূল্যবান ধাতুর বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২০ মে) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৯৯ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে স্বর্ণের দাম গত ৩০ মার্চের পর সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল।

অন্যদিকে, জুন মাসে সরবরাহের চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫০২ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করলেও পরে পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতি হয়েছে এবং নতুন কোনো সংঘাত চায় না দুই পক্ষই।

এদিকে, ফিলাডেলফিয়া ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট অ্যানা পলসন বলেছেন, বর্তমান সুদের হার আপাতত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে। তবে ভবিষ্যতে সুদের হার আরও বাড়তে পারে বলে যে ধারণা বাজারে রয়েছে, সেটিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

রয়টার্সের এক জরিপে অধিকাংশ অর্থনীতিবিদ মনে করছেন, চলতি বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সিদ্ধান্ত নাও নিতে পারে। ফলে সুদ কমানোর সম্ভাবনা আগামী বছর পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বিনিয়োগকারীরা এখন ফেডারেল রিজার্ভের এপ্রিল মাসের নীতি নির্ধারণী সভার কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে স্পট সিলভারের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৪ দশমিক ৫৫ ডলারে পৌঁছেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ০.২ শতাংশ বেড়ে ১ হাজার ৯২৬ দশমিক ৭০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৫ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।