দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায়।
এর আগে গত ১৫ এপ্রিল স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি নির্ধারণ করা হয় ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৫৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৪ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, কমানো হয়েছিল ২৯ বার।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। প্রতি ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা।
এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হবে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৯ বার বেড়েছে এবং ১৬ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং কমেছিল ৩ বার।