যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান আবারও রেকর্ড পরিমাণ কমেছে। মঙ্গলবার (১২ মে) বৈদেশিক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিপরীতে রুপির বিনিময় হার দাঁড়ায় ৯৫ দশমিক ৫৮, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন দর হিসেবে বিবেচিত হচ্ছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি, আমদানিতে বাড়তি ডলারের চাহিদা এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তার কারণে ভারতের আর্থিক বাজারে চাপ আরও বেড়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো রুপির বড় ধরনের দরপতন দেখা গেছে। সোমবার বাজার বন্ধ হয়েছিল প্রতি ডলার ৯৫ দশমিক ৩১ রুপিতে। এক দিনের ব্যবধানে সেই রেকর্ডও ভেঙে আরও নিচে নেমে যায় দেশটির মুদ্রার মান।
মুদ্রাবাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের উচ্চমূল্য ভারতের আমদানি ব্যয় বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের অর্থ প্রত্যাহার এবং আমদানিকারকদের অতিরিক্ত ডলার কেনার প্রবণতায় রুপির ওপর তীব্র চাপ তৈরি হয়েছে।
এদিকে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে ঘিরে বিদ্যমান যুদ্ধবিরতি পরিস্থিতিকে “লাইফ সাপোর্টে” রয়েছে বলে মন্তব্য করেছেন। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার আশঙ্কা বাড়তে শুরু করে।
বিশ্লেষকদের আশঙ্কা, পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক তেলের বাজার আরও অস্থির হয়ে উঠতে পারে। এতে ভারতের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।