রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বাণিজ্য

স্বর্ণ-রুপার দামে বড় পতন, নতুন দর কার্যকর


প্রকাশ :

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে। সর্বশেষ সমন্বয়ের মাধ্যমে মূল্যবান এই দুই ধাতুর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (১২ এপ্রিল) থেকে নতুন এই দর কার্যকর রয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকেই নতুন দর কার্যকর হলেও বর্তমানে একই দামে অলঙ্কার বিক্রি হচ্ছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, যা আগের তুলনায় ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকা কম। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গত ৮ এপ্রিল স্বর্ণের দাম ভরিপ্রতি ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছিল, যা কয়েক দিনের ব্যবধানে আবার কমে গেল।

স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও দাম কমেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা, যা আগের তুলনায় ১৭৫ টাকা কম। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৫৪ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩১ বার বেড়েছে এবং ২৩ বার কমেছে। অন্যদিকে রুপার দাম ৩৩ বার সমন্বয় করা হয়েছে, যেখানে ১৮ বার বেড়েছে এবং ১৫ বার কমেছে।

জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারের ওঠানামা এবং স্থানীয় চাহিদার প্রভাবেই স্বর্ণ ও রুপার দামে এমন ঘনঘন পরিবর্তন দেখা যাচ্ছে।