শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বাণিজ্য

বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় উত্থান


প্রকাশ :

ভূ-রাজনৈতিক উত্তেজনা ও মুদ্রাস্ফীতির আশঙ্কায় বিশ্ববাজারে আবারও চাঙা হয়েছে স্বর্ণ ও রুপার দাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ওপর সম্ভাব্য হামলা দুই সপ্তাহ স্থগিতের ঘোষণার পর বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন—ফলে দামে বড় ধরনের উত্থান দেখা গেছে।

বুধবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮১১ দশমিক ৬৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে রুপার দাম ৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ৮ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, চলমান অনিশ্চয়তা অব্যাহত থাকলে স্বর্ণের দাম ৫ হাজার ডলার এবং রুপার দাম ৮০ ডলারের ঘর ছুঁতে পারে। জুন ডেলিভারির গোল্ড ফিউচারও ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৪০ ডলারের কাছাকাছি অবস্থান করছে।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভাব্য আলোচনার উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে স্বর্ণ-রুপার মতো নিরাপদ খাতে অর্থ সরিয়ে নিচ্ছেন।

এদিকে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি বিশ্ব অর্থনীতিতে নতুন করে মুদ্রাস্ফীতির চাপ তৈরি করছে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সিদ্ধান্তও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্ববাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতার প্রভাব দেশের বাজারেও পড়তে শুরু করেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে স্থানীয় বাজারেও তার সমন্বয় করা হয়। ফলে শিগগিরই দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়তে পারে।

বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা এবং রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৫৪০ টাকায়। তবে বৈশ্বিক বাজারের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে স্বর্ণ কেনা সাধারণ ক্রেতাদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে।

সূত্র: রয়টার্স