শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বাণিজ্য

ভরিতে ২,১৫৮ টাকা কমল স্বর্ণের দাম


প্রকাশ :

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দর অনুযায়ী স্বর্ণ বিক্রি শুরু হয়েছে।

নতুন দরে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকায়। ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকায়।

এর আগে গত ১২ মার্চও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৪২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৬ বার কমেছে। আর ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার— যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

অন্যদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজার। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপা ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

চলতি বছরে রুপার দাম ২৬ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ১০ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল— যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমানো হয়েছিল।