শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল আল নাসর। ম্যাচের যোগ করা সময়ের শেষ কয়েক সেকেন্ড পর্যন্তও এগিয়ে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল। কিন্তু গোলকিপার বেন্তোর এক ভুলেই বদলে যায় পুরো দৃশ্যপট। নিশ্চিত জয়ের ম্যাচ আত্মঘাতী গোলে ১-১ ড্র হওয়ায় আপাতত পিছিয়ে গেল আল নাসরের শিরোপা উৎসব।
ম্যাচের ৩৭তম মিনিটে মোহাম্মদ সিমাকানের গোলে এগিয়ে যায় আল নাসর। এরপর দীর্ঘ সময় সেই ব্যবধান ধরে রেখেই ম্যাচ শেষের অপেক্ষায় ছিল দলটি। যোগ করা সময়ের নবম মিনিটের শেষ দিকে আল হিলাল আল নাসরের অর্ধে একটি থ্রো-ইন পায়। তখনও আল নাসর শিবিরে শিরোপা উদযাপনের প্রস্তুতির আমেজ।
ঠিক সেই মুহূর্তেই সের্গেই মিলিঙ্কোভিচ-সাভিচের নেওয়া লম্বা থ্রো-ইন থেকে ঘটে বিপত্তি। বলটি সহজেই ধরতে পারতেন আল নাসরের ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তো। তবে সতীর্থ ইনিগো মার্তিনেজের সঙ্গে সংঘর্ষে বল হাত ফসকে জালে ঢুকে পড়ে। শেষ পর্যন্ত আত্মঘাতী সেই গোলেই ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।
শেষ মুহূর্তে জয় হাতছাড়া হওয়ায় হতাশা স্পষ্ট ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর চোখেমুখে। ৮৩ মিনিটে মাঠ ছাড়ার পর বেঞ্চে বসেই তাকে বিষণ্ন দেখায়। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার সময়ও হতাশা লুকাতে পারেননি পর্তুগিজ এই তারকা ফুটবলার।
এই ড্রয়ের ফলে ৩৩ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে আল নাসর। তবে এক ম্যাচ বেশি খেলা আল হিলালের সঙ্গে ব্যবধান এখন ৫ পয়েন্ট। আগামী ২০ মে দামাকের বিপক্ষে জয় পেলেই শিরোপা নিশ্চিত হবে আল নাসরের। এর আগে ১৬ মে নিওমের বিপক্ষে আল হিলাল পয়েন্ট হারালে মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হতে পারে রোনালদোর দল।
এদিকে আল নাসরের সামনে রয়েছে আরও একটি শিরোপা জয়ের সুযোগ। ১৬ মে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টুর ফাইনালে জাপানের গাম্বা ওসাকার মুখোমুখি হবে তারা। ফলে একই দিনে দুই শিরোপা জয়ের সম্ভাবনাও থাকছে রোনালদোদের সামনে।
শেষ মুহূর্তের হতাশাজনক ড্রয়ের পরও সতীর্থ ও সমর্থকদের আশাবাদী থাকার আহ্বান জানিয়েছেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “স্বপ্ন এখন খুব কাছাকাছি। মাথা উঁচু রাখো, আমাদের সামনে আর মাত্র একটি ধাপ।”